ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন করে বিচার শুরু
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে আবারও নতুন করে বিচারকাজ শুরু হয়েছে। এর আগে এক বিচারকের সঙ্গে জড়িত বিতর্কের কারণে আগের বিচার প্রক্রিয়া মাঝপথে ভেস্তে গিয়েছিল।
ম্যারাডোনা মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজের বাসায় চিকিৎসাধীন ছিলেন এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরই তিনি মারা যান। অভিযোগ রয়েছে, তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের অবহেলার কারণেই আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের মৃত্যু হয়েছে।
২০২০ সালের নভেম্বরে তার মৃত্যুর পর সাত সদস্যের মেডিক্যাল টিমের বিরুদ্ধে মামলা করা হয়। এতে ম্যারাডোনার পরিবারের সদস্যসহ একাধিক সাক্ষী দীর্ঘ সময় ধরে সাক্ষ্য দেন। তবে আড়াই মাস পর বিচার কার্যক্রম স্থগিত হয়ে যায়।
পরবর্তীতে ২০২৫ সালের মে মাসে পুরো বিচার প্রক্রিয়া বাতিল করা হয়, কারণ এক বিচারকের বিরুদ্ধে একটি ডকুমেন্টারিতে সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে, যা নৈতিকতার লঙ্ঘন হিসেবে ধরা হয়।
নতুন করে শুরু হওয়া এই বিচারে প্রায় ১২০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। আদালত যাচাই করবে, ম্যারাডোনার মৃত্যুর জন্য তার চিকিৎসা দলের অবহেলা দায়ী কি না। অভিযুক্তদের মধ্যে চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ এবং নার্স রয়েছেন। দোষ প্রমাণিত হলে তাদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

